মো. স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ঢাকা-টু-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ছনকা এলাকায় ঢাকা-টু-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাঁনকুড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)।
শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১৮-২১৮৫ নম্বরের একটি ট্রাক মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১২-৫৪৫৫ নম্বরের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাছুদুর রহমান ও নয়নকে মৃত ঘোষণা করেন। আহত অপর পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও শেরপুর হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স